খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

ফুটপাত দখলে সংকুচিত সড়ক, চরম দুর্ভোগে পানছড়ির মানুষ

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি:
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ফুটপাত দখল করে দোকানের মালামাল রাখা এবং অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার প্রবণতা দিন দিন বাড়ছে। ফলে পথচারীদের চলাচলের জন্য নির্মিত ফুটপাত এখন কার্যত ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। বাধ্য হয়ে সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। এতে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে এবং জনদুর্ভোগ দিন দিন বাড়ছে। স্থানীয়দের মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ প্রয়োজন।

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, পানছড়ি বাজার থেকে লোগাং ও গৌরাঙ্গপাড়া সড়ক জুড়ে অনেক স্থায়ী দোকান তাদের ব্যবসার পরিধি বাড়িয়ে ফুটপাত ও সড়কের একাংশ দখল করে রেখেছে। বিশেষ করে ফল ব্যবসায়ী, মুদি দোকানী , হার্ডওয়্যার ও ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ব্যবসায়ীরা ফুটপাতের ওপর ব্যবসায়ীক মালামাল প্রদর্শনীতে রাখা,রড, সিমেন্ট, পানির ড্রাম, লোহার যন্ত্রাংশ সহ বিভিন্ন নির্মাণসামগ্রী দীর্ঘদিন ধরে ফেলে রাখছেন। এছাড়া ফুটপাত দখল করে গড়ে উঠেছে অস্থায়ী দোকান, পসরা ও বিভিন্ন স্থাপনা। এতে পথচারীদের স্বাভাবিক চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।

 

 

ফুটপাত দখল হয়ে যাওয়ায় স্থানীয় কৃষকরাও উৎপাদিত কৃষিপণ্য নিয়ে রাস্তার ওপর বসে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এতে বাজার এলাকায় যানজট বাড়ার পাশাপাশি পথচারী ও যানবাহন চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

 

 

স্থানীয় পথচারীরা জানান, ফুটপাতে হাঁটার সুযোগ না থাকায় তাদের বাধ্য হয়ে ব্যস্ত সড়ক ব্যবহার করতে হচ্ছে। এতে শিশু, নারী ও বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন।

 

 

একজন পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “ফুটপাতে হাঁটার কোনো জায়গাই নেই। বাধ্য হয়ে আমাদের মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”

 

 

ভোগান্তির কথা তুলে ধরে স্থানীয় অটোচালক সাইফুল ইসলাম বলেন, “ফুটপাত দখল হয়ে থাকায় রাস্তা অনেক সংকুচিত হয়ে গেছে। এর সঙ্গে অতিরিক্ত ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল করায় যাত্রীদের অনেক সময় সড়কের ওপরই উঠানামা করতে হয়। বড় যানবাহন এলে সাইড দিতে সমস্যা হয়। ফলে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।”

 

 

এ বিষয়ে পানছড়ি বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. হেদায়েত তালুকদার বলেন, “আগেও বাজারের ব্যবসায়ীদের ফুটপাত পরিষ্কার রাখার জন্য অনুরোধ করা হয়েছে। প্রশাসন যদি অবৈধ দখল উচ্ছেদে উদ্যোগ নেয়, বাজার পরিচালনা কমিটি সর্বাত্মক সহযোগিতা করবে।”

 

 

পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমা বলেন, “এটি প্রশাসনিক বিষয়। প্রশাসন চাইলে সহজেই সমাধান করতে পারে। উচ্ছেদ অভিযানে আমাদের প্রয়োজন হলে আমরা অবশ্যই সহযোগিতা করব।”

 

 

পানছড়ি উপজেলা নির্বাহী অফিসারফারহানা নাসরিন বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। বাজার পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা করে দ্রুত ফুটপাত দখলমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

 

 

স্থানীয় সচেতন মহলের দাবি, জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা, ফুটপাত দখলমুক্ত রাখা এবং নিয়মিত মনিটরিং জোরদার করা জরুরি। তাদের মতে, ফুটপাত পথচারীদের জন্য নির্মিত—এটি দখলমুক্ত রাখা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ব্যবসায়ী ও সাধারণ মানুষের যৌথ দায়িত্ব।

Related Articles

Back to top button