মধুমঙ্গলপাড়ার ট্রিপল মার্ডার: পরিচয়হীন দুই মরদেহের স্বজনের খোঁজ পুলিশের
খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মধুমঙ্গলপাড়া এলাকায় গুলিতে নিহত তিন যুবকের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা গেলেও অপর দুইজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার চারদিন পেরিয়ে গেলেও তাদের স্বজনদের সন্ধান মেলেনি।
গত ৬ জুলাই উপজেলার মধুমঙ্গলপাড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে তিন যুবক নিহত হন। নিহতদের মধ্যে পরিচয় শনাক্ত হওয়া ব্যক্তি হলেন রিয়েল চাকমা, তিনি উপজেলার ৩ নম্বর পানছড়ি ইউনিয়নের আলীচান কার্বারিপাড়ার বাসিন্দা। তার পিতার নাম রুপায়ন চাকমা। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছোট বোন রেসি চাকমা।
ময়নাতদন্ত শেষে রিয়েল চাকমার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে অপর দুইজনের পরিচয় নিশ্চিত না হওয়ায় তাদের মরদেহ এখনো খাগড়াছড়ি জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, অজ্ঞাত দুই নিহতের বিষয়ে বিভিন্ন সূত্রে কয়েকটি নাম-পরিচয় পাওয়া গেলেও সেগুলোর সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তিনি বলেন, “নিহতদের স্বজনরা যদি সঠিক নাম-ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য-প্রমাণ নিয়ে পানছড়ি থানায় যোগাযোগ করেন, তাহলে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।”
উল্লেখ্য, গত ৬ জুলাই পানছড়ির মধুমঙ্গলপাড়া এলাকায় সশস্ত্র হামলায় তিন যুবক নিহত হন। স্থানীয় সূত্রে ঘটনাটি পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে বলে অভিযোগ উঠলেও, এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষকে দায়ী করা হয়নি।




