
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে মাইক্রোবাস দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের আনোয়ারা ঝুটমিল বিদ্যুৎ অফিস-সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রুজি আক্তার (৬০) ও তাঁর মেয়ে মোছাম্মৎ নাজমা খাতুন (৪২)। আহতদের মধ্যে নাজমা খাতুনের স্বামী আসলাম হোসেন রয়েছেন। আহত অন্য তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকার মোহাম্মদপুর থেকে একটি মাইক্রোবাসে করে তাঁরা বান্দরবানে যাচ্ছিলেন। সেখানে নাজমা খাতুনের শ্বশুরের কবর জিয়ারত করার কথা ছিল। বুধবার সকালে মাইক্রোবাসটি বাড়বকুণ্ড এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়িতে থাকা যাত্রীরা আহত হন।
পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রুজি আক্তার ও নাজমা খাতুনকে মৃত ঘোষণা করেন। আহত চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ জানায়, থানায় দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আসাদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত নাজমা খাতুনের শ্বশুরের কবর জিয়ারতের উদ্দেশ্যে তাঁরা ঢাকার মোহাম্মদপুর থেকে বান্দরবান যাচ্ছিলেন। পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেলে এ হতাহতের ঘটনা ঘটে।
এসআই আসাদ আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




