পানছড়িতে সড়ক দুর্ঘটনায় কণ্যাশিশু নিহত

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়িতে সিএনজি চালিত অটোরিকশা ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে তানিয়া আক্তার (১২) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় বিজিবির নায়েব সুবেদার আব্দুর রাজ্জাকসহ তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার লতিবান ইউনিয়নের প্রিন্সিপাল পাড়ার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানিয়া উপজেলার পুরাতন বরনাল এলাকার মো. আনোয়ার হোসেনের মেয়ে। আহত অন্য দুজন হলেন ডেইজি আক্তার (৩৫) ও আখি আক্তার (১৭)।
পারিবারিক সূত্রে জানা যায়, তানিয়া পরিবারের সদস্যদের সঙ্গে নানাবাড়ি থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হয়। এতে তানিয়াসহ কয়েকজন আহত হন। পরে তাঁদের উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিজিবি হাসপাতালে নেওয়া হয়। পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রেজওয়ান হোসেন তানিয়াকে মৃত ঘোষণা করেন।
তানিয়ার নানা আমিজুল হক জানান, নাতনি তানিয়াসহ পরিবারের কয়েকজন সদস্য খাগড়াছড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে।
আহত বিজিবি সদস্য নায়েব সুবেদার আব্দুর রাজ্জাককে বিজিবি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য গুইমারা শহীদ মামুনুর রহমান বিজিবি হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুই আহত ব্যক্তি পানছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




