চট্টগ্রাম অঞ্চল

সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

অস্ত্রসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রাম:
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথক সমাবেশ ও র‌্যালিকে কেন্দ্র করে সংঘর্ষের সাত দিন পর তাঁদের গ্রেপ্তার করা হয়।

 

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সীতাকুণ্ড পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম আমিরাবাদ এলাকার খোরশেদ আলমের ছেলে কামরুল হাসান (৪৩), বারৈয়ারঢালা ইউনিয়নের মহালংকা গ্রামের আবুল হাসেমের ছেলে সাদেক আলী (২৮) ও মো. হানিফ (৩৪)।

 

 

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্য ও তদন্তের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১টি ধারালো ছুরি, তিনটি কিরিচ, একটি দা ও ১৫টি লাঠি উদ্ধার করা হয়। পরে একটি দেশীয় তৈরি একনলা কাটা বন্দুকও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে।

 

 

মঙ্গলবার সকালে চট্টগ্রাম জেলা পুলিশের সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মাসুদ আলম এসব তথ্য জানান। তিনি বলেন, সংঘর্ষের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে জড়িতদের শনাক্তে অভিযান চালানো হয়। পর্যায়ক্রমে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।

 

 

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহিনুল ইসলাম বলেন, ১ সেপ্টেম্বরের সংঘর্ষের ঘটনায় শান্তিশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হবে।

 

 

পুলিশ সুপার আরও বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড বা অবৈধ অস্ত্রের প্রদর্শন কোনোভাবেই বরদাশত করা হবে না। অপরাধীর রাজনৈতিক পরিচয় বা কোনো পক্ষের সঙ্গে সম্পৃক্ততা বিবেচনা না করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Back to top button