থানচিতে অসুস্থতায় ভুগে নারীর আত্মহত্যা

থানচি,বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের থানচি উপজেলা দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগে হতাশাগ্রস্ত হয়ে এক নারী আত্মহত্যা করেছেন।
মৃত নারী বয়ক হেডম্যান পাড়া নিবাসী কুমপাও ম্রো (৫০)। তিনি থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর ৪র্থ শ্রেণির কর্মচারী চাইঅং ম্রো’র সহধর্মিণী। জানা যায়, তিনি উপজেলার জেলা পরিষদ রেস্ট হাউস সংলগ্ন একটি জরাজীর্ণ বাসায় একা বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (৪ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে নিজ বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরদিন সকালে তার ছোট ভাই লাংরাও ম্রো (৩৩) বিষয়টি টের পেয়ে থানচি থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের ছোট ভাই লাংরাও ম্রো জানান, তার বোন দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম ও বান্দরবানসহ বিভিন্ন স্থানে নেওয়া হয়েছিল। তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। ধারণা করা হচ্ছে, দীর্ঘদিনের অসুস্থতা ও হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন।
এ বিষয়ে থানচি থানা পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মসিউর রহমান জানান, পুলিশের তত্ত্বাবধানে অধিকতর ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




