লোহাগাড়ায় ইয়াবা সেবন করে মাকে মারধর, ছেলের এক মাসের কারাদণ্ড

লোহাগাড়া প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ায় ইয়াবা সেবন করে মাকে মারধরের অভিযোগে দিদারুল আলম (২২) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত দিদারুল আলম উপজেলার চরম্বা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রাজঘাটা এলাকার কবির আহমদের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন জানান, ছেলের হাতে মারধরের শিকার হওয়ার অভিযোগ নিয়ে দিদারের মা নিজেই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আসেন। পরে ইউএনওর নির্দেশনায় দিদারকে তাঁর কার্যালয়ে ডেকে মায়ের জবানবন্দি গ্রহণ করা হয়।
এ সময় দিদার গত সাত মাস ধরে ইয়াবা সেবনের বিষয়টি স্বীকার করেন। মাদক সেবন ও মাকে মারধরের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।




