অপরাধসারাদেশ

ভারতে যাওয়ার পথে আখাউড়া ইমিগ্রেশনে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আখাউড়া ( ব্রাহ্মণবাড়িয়া):
ভারতে যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে ঢাকার আশুলিয়া থানার দুটি হত্যা মামলার আসামি ইদ্রিস আলী (৪০) গ্রেপ্তার হয়েছেন।

 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ছোট বোন ও ভাগিনাকে সঙ্গে নিয়ে ভারতে যাওয়ার জন্য ইমিগ্রেশন চেকপোস্টে আসেন ইদ্রিস। কাগজপত্র ও ডাটাবেজ যাচাইয়ের সময় তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা থাকার তথ্য পাওয়া যায়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে গ্রেপ্তার করে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

গ্রেপ্তার ইদ্রিস আলী ঢাকার সাভারের আশুলিয়া থানার জামগড়া এলাকার আলী আহম্মদের ছেলে। তার সঙ্গে থাকা বোনের বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

 

আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মো. শরীফুল ইসলাম বলেন, ডাটাবেজ যাচাই করে ইদ্রিস আলীর বিরুদ্ধে একাধিক হত্যা মামলার তথ্য পাওয়া যায়। পরে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা, অবৈধ অস্ত্র সংরক্ষণ ও প্রদর্শনের অভিযোগেও ইদ্রিস আলীর নাম রয়েছে। তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তার ও দুর্নীতির অভিযোগও রয়েছে।

Related Articles

Back to top button