পাহাড়ি ছড়ার খড়স্রোতে ভাঙ্গনের ঝুঁকি রেখেই কোটি টাকার সড়কে চলছে কার্পেটিং

মানিকছড়ি, খাগড়াছড়ি : খাগড়াছড়ির মানিকছড়িতে পাহাড়ি ছড়ার ভাঙনঝুঁকির মধ্যেই চলছে চার কোটি টাকা ব্যয়ে সড়ক কার্পেটিংয়ের কাজ। স্থায়ী সুরক্ষায় গাইডওয়াল নির্মাণের বরাদ্দ না থাকায় আগামী বর্ষায় সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার এয়াতলং পাড়া-উত্তর ডলু-হাতিমুড়া সড়কের শেষাংশে উন্নয়নকাজ চলছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে ২০২৫-২৬ অর্থবছরে প্রায় চার কোটি টাকা ব্যয়ে তিন কিলোমিটার সড়ক কার্পেটিংয়ের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান রিপ এন্টারপ্রাইজ।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সরেজমিনে দেখা যায়, সড়কের এক পাশে জমি এবং অন্য পাশে পাহাড়ি ছড়া বা খাল রয়েছে। বর্ষায় পাহাড়ি ঢলের কারণে খালের পাড়ের কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতেই সড়কের কার্পেটিংয়ের কাজ চলছে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য আবুল কালাম ও সর্দার মো. জাহাঙ্গীর হোসেন বলেন, গুরুত্বপূর্ণ এ সড়কের উন্নয়নকাজ হলেও খালের পাড়ের ভাঙনঝুঁকি নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। আগামী বর্ষায় পাহাড়ি ঢলে সড়কের কয়েকটি অংশ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েছেন বলেও দাবি করেন।
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি রাজু আহমেদ বলেন, সড়কের দুই-তিনটি স্থানে ভাঙনের ঝুঁকি রয়েছে। তবে বরাদ্দ না থাকায় গাইডওয়াল নির্মাণ করা সম্ভব হয়নি। আপাতত নিজস্ব খরচে ড্রামসেট বসিয়ে অস্থায়ীভাবে ভাঙন প্রতিরোধের চেষ্টা করা হবে। সড়কটির স্থায়ী সুরক্ষায় গাইডওয়াল নির্মাণের জন্য এলজিইডিকে অনুরোধ করা হয়েছে।
উপজেলা প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, সড়কের ছড়া বা খালসংলগ্ন অংশে ভাঙনের ঝুঁকি রয়েছে। তবে কার্পেটিং প্রকল্পে গাইডওয়াল নির্মাণের বরাদ্দ নেই। বিষয়টি এলজিইডির প্রধান কার্যালয়কে জানানো হয়েছে। আপাতত ড্রামসেট বসিয়ে অস্থায়ীভাবে সড়ক সুরক্ষার চেষ্টা করা হবে।




