খাগড়াছড়িতে কুষ্ঠ আক্রান্তদের অধিকার নিয়ে ওরিয়েন্টেশন

খাগড়াছড়ি প্রতিনিধি:
কুষ্ঠ আক্রান্ত ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, প্রয়োজন এবং সেবা পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা সম্পর্কে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সচেতন করতে খাগড়াছড়িতে ‘অধিকার ও প্রয়োজন’ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ আগস্ট) খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘Orientation on the Rights and Needs’ শীর্ষক এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে জেলা সিভিল সার্জন ডা. রতন খীসা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু আবদুল্লাহ মো. ওয়ালী উল্লাহ, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা উথান চৌধুরীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও উপকারভোগীরা অংশ নেন।
বক্তারা বলেন, কুষ্ঠ এখন আর নিরাময়-অযোগ্য রোগ নয়। দ্রুত শনাক্ত করে সঠিক চিকিৎসা নিলে আক্রান্ত ব্যক্তি সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। তাই চিকিৎসার পাশাপাশি আক্রান্তদের সামাজিক মর্যাদা, পুনর্বাসন, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
ওরিয়েন্টেশনে প্রান্তিক জনগোষ্ঠীর সেবা পাওয়ার প্রতিবন্ধকতা, প্রয়োজন চিহ্নিতকরণ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।
প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন লেপ্রসি কন্ট্রোল অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক পরশ চাকমা। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন খাগড়াছড়ি সমন্বয়কারী বীর মোহন ত্রিপুরা।
The Leprosy Mission International-Bangladesh-এর আয়োজনে The Leprosy Mission Denmark ও CKU-এর সহযোগিতায় এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।




