খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

খাগড়াছড়িতে ২৮ পূজামণ্ডপে বিজিবির কঠোর নিরাপত্তা, মোতায়েন ৯ প্লাটুন

খাগড়াছড়ি প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে খাগড়াছড়ি সদরসহ সীমান্তবর্তী বিভিন্ন উপজেলায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। খাগড়াছড়ি বিজিবি সেক্টরের আওতাধীন ২৮টি পূজামণ্ডপের নিরাপত্তায় মোট ৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হচ্ছে।

 

পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিন-রাত টহল, রেকি ও মোবাইল পেট্রোল কার্যক্রম পরিচালনা করছে বিজিবি। দুর্গোৎসব ঘিরে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ নজরদারিও অব্যাহত রয়েছে।

 

 

বিজিবির গৃহীত নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেছেন খাগড়াছড়ি বিজিবি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল ইফতেখারুল আলম বেগ এবং খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীব।

 

পরিদর্শনকালে তাঁরা খাগড়াছড়ি পৌরসভা এলাকার শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির, শ্রীশ্রী জগন্নাথ মন্দির ও খাগড়াপুর শ্রীশ্রী অখণ্ডমণ্ডলী পূজামণ্ডপসহ বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও পূজা উদ্‌যাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তাঁরা।

 

 

বিজিবি জানায়, শারদীয় দুর্গোৎসব ঘিরে সনাতন ধর্মাবলম্বীসহ সব শ্রেণি-পেশার মানুষের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পূজামণ্ডপ গুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।

Related Articles

Back to top button