খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযান, এসএমজিসহ ১০০ রাউন্ড গুলি উদ্ধার

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির পানছড়ি সীমান্তে বিজিবির রাতের টহলদলের অভিযানে একটি সাবমেশিনগান (এসএমজি), ১০০ রাউন্ড গুলি ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ সময় বিজিবির ধাওয়ায় পালিয়ে যায় সন্দেহভাজন ১০ থেকে ১২ জনের একটি দল।

 

 

শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত সোয়া ৮টার দিকে পানছড়ি উপজেলার কচুছড়িমুখ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

 

পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৌদ্ধমনিপাড়া বিওপির নায়েব সুবেদার মো. এমদাদুল হকের নেতৃত্বে বিজিবির একটি নিয়মিত টহলদল সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিল। রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে কচুছড়িমুখ পাড়া এলাকায় পৌঁছালে সীমান্তবর্তী পাহাড় থেকে কাঁধে ব্যাগ নিয়ে ১০ থেকে ১২ জনকে সীমান্ত সড়কে নেমে আসতে দেখে টহলদল।

 

 

এ সময় বিজিবি সদস্যরা তাঁদের থামতে বলে চ্যালেঞ্জ করলে তাঁরা দ্রুত পালানোর চেষ্টা করেন। টহলদল ধাওয়া করলে তাঁরা পাশের ঘন পাহাড়ি জঙ্গলে পালিয়ে যান। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ৭ দশমিক ৬২ মিলিমিটার এসএমজি, ১০০ রাউন্ড গুলি ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

 

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও গোলাবারুদ পাচার এবং চোরাচালান প্রতিরোধে দুর্গম পাহাড়ি এলাকায় নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে। সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button