চট্টগ্রাম অঞ্চলসারাদেশ

আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী শনিবার

নোয়াখালী প্রতিনিধি:
জাতীয় নেতা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাতীয় সংসদের সাবেক স্পিকার আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী শনিবার (১৭ অক্টোবর)। এ উপলক্ষে তাঁর জন্মস্থান নোয়াখালীতে কোরআন খতম, দোয়া মাহফিল, কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও কাঙালি ভোজসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।

 

 

শুক্রবার (১৬ অক্টোবর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নোয়াখালী জেলা শাখার সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচির কথা জানানো হয়।

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকালে নোয়াখালী জেলা মডেল মসজিদ প্রাঙ্গণে অবস্থিত আব্দুল মালেক উকিলের কবরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করা হবে। পরে তাঁর পরিবারের উদ্যোগে বাদ জোহর জেলা মডেল মসজিদে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

 

 

এ ছাড়া নোয়াখালী সদর উপজেলার বাঁধেরহাট আব্দুল মালেক উকিল ডিগ্রি/অনার্স কলেজ, নোয়াখালী মোহামেডান স্পোর্টিং ক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন পৃথক কর্মসূচির আয়োজন করেছে।

 

 

আব্দুল মালেক উকিল ১৯২৪ সালের ১ অক্টোবর নোয়াখালীর তৎকালীন সুধারাম থানার রাজাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। আইনজীবী ও রাজনীতিবিদ হিসেবে তিনি দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য ও বিরোধীদলীয় নেতা, পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য এবং স্বাধীন বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেন।

 

 

১৯৮৭ সালের ১৭ অক্টোবর ঢাকায় মৃত্যুবরণ করেন আব্দুল মালেক উকিল। তাঁর মৃত্যুবার্ষিকীতে মহান মুক্তিযুদ্ধে অবদান, বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং দেশের রাজনৈতিক অঙ্গনে তাঁর ভূমিকার প্রতি শ্রদ্ধা জানানো হবে। পাশাপাশি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হবে।

Related Articles

Back to top button