Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চল

পানছড়িতে ব্রাশফায়ারে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সদস্য নিহত

পানছড়ি ,খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ইসলামপুর এলাকায় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর এক সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম মোঃ ইমন হোসেন (২৫)।

 

বৃহস্পতিবার (৭ মে/২৬) সকাল আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে।

 

নিহত ইমন হোসেন উপজেলার মোহাম্মদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে বলে জানা গেছে।

 

স্থানীয় ও হিল আনসার সূত্রে জানা যায়, ভোরে হঠাৎ এসএমজি থেকে ব্রাশফায়ারের শব্দ শোনা যায়। পরে হাফপ্যান্ট পরিহিত দুই ব্যক্তিকে দ্রুত দৌড়ে শান্তিগ্রাম এলাকার দিকে পালিয়ে যেতে দেখা যায়।

 

স্থানীয়রা জানান, গুলির শব্দ শুনে তারা ঘর থেকে বের হয়ে দোকানের সামনে গুলিবিদ্ধ অবস্থায় ইমনকে মাটিতে পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

এ বিষয়ে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর পানছড়ি উপজেলা সহকারী পরিচালক বিকাশ ত্রিপুরা অভিযোগ করে বলেন, সাংগঠনিক কাজে বের হওয়ার পর ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের সন্ত্রাসীরা ইমনকে গুলি করে হত্যা করেছে।

 

তবে এ অভিযোগের বিষয়ে ইউপিডিএফ (প্রসিত) এর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফেরদৌস ওয়াহিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ঘটনার পর এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

Related Articles

Back to top button