রাঙামাটিতে ৭ কোটি টাকার কৃষিযন্ত্র বিতরণ, আধুনিকায়নের নতুন সম্ভাবনা

রাঙামাটি:
রাঙামাটির প্রান্তিক কৃষকদের জীবনমান উন্নয়ন ও কৃষির আধুনিকায়নে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে আধুনিক কৃষিযন্ত্র সরবরাহের উদ্যোগ নিয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। জেলার ১০ উপজেলার কৃষকদের মধ্যে এসব যন্ত্র বিতরণ করা হচ্ছে। কৃষিকাজের পাশাপাশি উৎপাদিত ফলমূল ও কৃষিপণ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং বাণিজ্যিকভাবে বাজারজাতকরণের সুযোগ তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু। এ সময় উপজেলা পরিষদ সদস্যদের হাতে বিভিন্ন ধরনের কৃষিযন্ত্র তুলে দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান দীপন তালুকদার দীপু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অন্যতম অগ্রাধিকার হচ্ছে কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জীবনমান উন্নয়ন। সরকারের এ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে পাহাড়ের প্রান্তিক কৃষকদের আধুনিক প্রযুক্তির আওতায় আনতে জেলা পরিষদ এ উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে প্রতিটি উপজেলার কৃষকদের চাহিদা ও প্রয়োজন বিবেচনায় বিভিন্ন ধরনের কৃষিযন্ত্র বিতরণ করা হচ্ছে। এর মধ্যে পাওয়ার টিলার, ধান রোপণ ও কাটার যন্ত্র, ফুড ড্রায়ার, জুসার ও সিলারসহ খাদ্য প্রক্রিয়াজাতকরণের বিভিন্ন সরঞ্জাম রয়েছে। পর্যায়ক্রমে কৃষকদের প্রয়োজন অনুযায়ী আরও আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করা হবে।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে এসব যন্ত্রপাতি সরবরাহ করা হচ্ছে। উপজেলা ভিত্তিতে পাওয়ার টিলার, ধান রোপণ ও কাটার যন্ত্র, গ্রাইন্ডার, ফুড ড্রায়ার, জুসার ও সিলার মেশিনসহ বিভিন্ন আধুনিক সরঞ্জাম বিতরণ করা হচ্ছে।
জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী এরশাদ মন্ডল জানান, পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং কৃষিতে ইতিবাচক পরিবর্তন আনতেই কৃষকদের চাহিদা অনুযায়ী এসব সরঞ্জাম বিতরণ করা হচ্ছে। এসব যন্ত্র ব্যবহারের ফলে কৃষিকাজে শ্রম ও সময় সাশ্রয়ের পাশাপাশি উৎপাদিত কৃষিপণ্য প্রক্রিয়াজাত করে সংরক্ষণ ও বাজারজাত করার সুযোগ তৈরি হবে।
তিনি বলেন, ফুড ড্রায়ারের মাধ্যমে ফলমূল ও অন্যান্য খাদ্যপণ্য শুকিয়ে সংরক্ষণ, জুসারের মাধ্যমে ফলের পানীয় তৈরি এবং সিলার মেশিন দিয়ে প্যাকেজিং করা যাবে। অন্যদিকে পাওয়ার টিলার, ধান রোপণ ও কাটার যন্ত্র কৃষকদের শ্রম কমাতে সহায়ক হবে। ভবিষ্যতেও কৃষকদের চাহিদা ও বাস্তব প্রয়োজন বিবেচনায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টদের মতে, পাহাড়ের কৃষিতে দীর্ঘদিনের অন্যতম বড় সমস্যা উৎপাদিত ফসল সংরক্ষণ ও বাজারজাতকরণ। দুর্গম যোগাযোগব্যবস্থা এবং পর্যাপ্ত সংরক্ষণ সুবিধার অভাবে মৌসুমি ফলমূল ও শাকসবজির একটি বড় অংশ নষ্ট হয়। ফলে কৃষকরা উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য থেকেও বঞ্চিত হন। আধুনিক প্রক্রিয়াজাতকরণ সরঞ্জাম সরবরাহের ফলে এ পরিস্থিতির পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।




