খাগড়াছড়িতে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত, সচেতনতার আহ্বান

খাগড়াছড়ি প্রতিনিধি:
আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে খাগড়াছড়িতে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। সভায় বক্তারা শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, অতিরিক্ত শব্দ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগ জরুরি।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির মাধ্যমে শব্দ দূষণ রোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।




