সারাদেশ

শ্রীনগরের এলজিইডি অফিসে চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় এলজিইডি অফিস থেকে চুরি হওয়া ল্যাপটপ উদ্ধারে অভিযান চালিয়ে রাজধানী ঢাকা থেকে ঠিকাদার মিজানকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার সূত্রে জানা যায়, শ্রীনগর উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে ল্যাপটপ চুরির ঘটনায় উপ-প্রকৌশলী মোঃ আব্দুল বারিক উপজেলা প্রকৌশলীর পক্ষে বাদী হয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় এফআইআর নং-২২ (তারিখ: ১৯ এপ্রিল ২০২৬), জি আর নং-১০৬ অনুযায়ী দণ্ডবিধি ১৮৬০-এর ৩৮০ ধারায় মামলা রুজু করা হয়।

 

অভিযোগে উল্লেখ করা হয়,গত ১৬ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৪টা ২০ মিনিটে অফিসের কার্যক্রম শেষে কর্মকর্তা-কর্মচারীরা অফিস ত্যাগ করেন। এ সময় অসাবধানতাবশত একটি কক্ষের দরজা তালাবদ্ধ না থাকায় অভিযুক্ত ঠিকাদার মিজান অফিসে প্রবেশ করে উপজেলা প্রকৌশলীর টেবিল থেকে একটি এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ কৌশলে নিয়ে যায়। ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হয় বলেও জানানো হয়।

 

 

পরে বিষয়টি জানাজানি হলে অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ল্যাপটপ ফেরত দিতে অস্বীকৃতি জানান। এর প্রেক্ষিতে থানায় মামলা দায়ের করা হয়।মামলার তদন্তে পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্তের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) গোলাম মোস্তফা সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় ২১ এপ্রিল ২০২৬ তারিখ ভোর ৫টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী থানাধীন আর কে মিশন রোডস্থ এভারগ্রীন হাউজিং কমপ্লেক্স এলাকা থেকে আসামি মিজানকে গ্রেফতার করা হয়।

 

 

পরবর্তীতে আসামির দেওয়া তথ্য ও স্বীকারোক্তির ভিত্তিতে তার বাসায় অভিযান চালিয়ে ভবনের ৫ম তলায় অবস্থিত নিজ ফ্ল্যাটের শয়ন কক্ষ থেকে চুরি হওয়া একটি HP কোম্পানির ল্যাপটপ উদ্ধার করা হয়। ল্যাপটপটি CORE i7 প্রসেসর যুক্ত, সিলভার রঙের বডি এবং কালো কিবোর্ড বিশিষ্ট, যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

 

উদ্ধারকৃত ল্যাপটপটি ২১ এপ্রিল সকাল ১০টা ৩০ মিনিটে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আলামত হিসেবে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুয়েল মিঞা বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার ও চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।

Related Articles

Back to top button