শীতার্তদের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পাহাড়ি অঞ্চলের অসহায় মানুষের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। পরিষদের উদ্যোগে জেলার সাড়ে পাঁচ শতাধিক অসহায়, এতিম, মাদ্রাসা শিক্ষার্থী ও শীতার্ত মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) দিনব্যাপী খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার গোমতি ও তবলছড়ি ইউনিয়নের বিভিন্ন দুর্গম এলাকায় এ কম্বল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। এ সময় তিনি বলেন, “পাহাড়ি এলাকায় শীতের প্রকোপ তুলনামূলক বেশি। দরিদ্র ও অসহায় মানুষ যেন শীতে কষ্ট না পায়, সে লক্ষ্যেই পার্বত্য জেলা পরিষদ মানবিক দায়িত্ববোধ থেকে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “শুধু অবকাঠামো উন্নয়ন নয়, মানুষের জীবনমান উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য মো. শহিদুল ইসলাম সুমন বলেন, “প্রত্যন্ত এলাকায় অনেক পরিবার রয়েছে, যাদের শীত নিবারণের সামর্থ্য নেই। জেলা পরিষদের এই উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা।”
কম্বল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। গোমতি ইউনিয়নের এক উপকারভোগী জানান, “শীতে রাতে খুব কষ্ট হতো। এখন কম্বল পেয়ে কিছুটা স্বস্তি পাবো।” তবলছড়ি ইউনিয়নের এক বৃদ্ধ বলেন, “এই পাহাড়ে শীত অনেক বেশি। কম্বল ছাড়া টিকে থাকা কঠিন।”
কম্বল বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয়দের মতে, দুর্গম পাহাড়ি এলাকায় এ ধরনের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শীতার্ত মানুষের কষ্ট লাঘবে কার্যকর ভূমিকা রাখছে।
উল্লেখ্য, শীত মৌসুমে পার্বত্য অঞ্চলের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় দরিদ্র জনগোষ্ঠীর দুর্ভোগ বেড়ে যায়। এ প্রেক্ষাপটে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের এই মানবিক উদ্যোগ প্রশংসিত হচ্ছে।




