থানচিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টি সহায়তা বিতরণ

নিজস্ব প্রতিনিধি,বান্দরবান:
বান্দরবানের থানচি উপজেলা জাতীয় কর্মসূচির অংশ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তর–এর নির্দেশনায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে থানচি উপজেলায় পুষ্টি সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে। কর্মসূচিতে অপুষ্টি ঝুঁকিতে থাকা দরিদ্র ও প্রান্তিক পরিবারের হাতে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
বুধবার ২৯ এপ্রিল দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: ওয়াহিদুজ্জামান মুরাদ।
কর্মকর্তারা জানান, বাছাইকৃত ৩৫ পরিবার উপকারভোগীদের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি পুষ্টি বিষয়ে সচেতনতামূলক বার্তাও দেওয়া হয়।
বিতরণকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, জাতীয় পুষ্টি সপ্তাহের মূল লক্ষ্য হচ্ছে জনগণকে সুষম খাদ্যাভ্যাসে উদ্বুদ্ধ করা এবং অপুষ্টি প্রতিরোধে পরিবারভিত্তিক সচেতনতা গড়ে তোলা। পাহাড়ি দুর্গম অঞ্চলে অনেক পরিবার এখনও পুষ্টিহীনতায় ভুগছে। তাই নিয়মিত পুষ্টি শিক্ষা, মা ও শিশুদের বিশেষ যত্ন এবং স্থানীয়ভাবে সহজলভ্য পুষ্টিকর খাবার গ্রহণের অভ্যাস গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। আজকের এই সহায়তা সামগ্রী বিতরণ সাময়িক সহায়তা হলেও সচেতনতা তৈরি হলে এর সুফল দীর্ঘমেয়াদে পাওয়া যাবে।
আবাসিক চিকিৎসক ডা: নাঈম বিন শাহজাহান বলেন,গর্ভবতী মা, দুগ্ধদানকারী মা এবং পাঁচ বছরের কম বয়সী শিশুদের পুষ্টি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সবাইকে স্বাস্থ্যকেন্দ্রে এসে নিয়মিত পরামর্শ নেওয়ার আহ্বান জানাচ্ছি।
এ সময় আবাসিক চিকিৎসক ডা: হাসিবুল, ডা: নাঈম বিন শাহজাহান, এমওডিসি, স্বাস্থ্য পরিদর্শক ওম প্রকাশ সেন ৷স্বাস্থ্য ও পরিসংখ্যা কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া, অফিস সহকারী ও ক্যাশিয়ার থোয়াইম্যা মারমা সহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।




