
মীরসরাই প্রতিনিধি:
গভীর রাতে দরজা ভেঙে ১৫-২০ জনের সশস্ত্র ডাকাতদল ঢুকে পড়ল বাড়িতে। অস্ত্রের মুখে নারী ও শিশুদের জিম্মি করে লুটে নেওয়া হলো সাড়ে ৫ ভরি স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকা ও দুটি মোবাইল ফোন। বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন বাড়ির বৃদ্ধ নুরুল আলম (৬০)।
সোমবার (১১ আগস্ট) দিবাগত রাতে চট্টগ্রামের মীরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবারের দাবি, বেলকনির দরজা ভেঙে ঘরে ঢোকার পর ডাকাতরা নুরুল আলমের পুত্রবধূ সাহেলা আক্তার সুমিকে বেঁধে ফেলে। তার সন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার বের করে দিতে বাধ্য করে। বাধা দিলে নুরুল আলমকে ছুরি দিয়ে কুপিয়ে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাখে তারা।
নুরুল আলমের দুই ছেলে সিঙ্গাপুর ও কাতারে থাকেন। বাড়িতে ওই রাতে তিনিই একমাত্র পুরুষ সদস্য ছিলেন।
পরিবারের এক সদস্যের দাবি, ডাকাতদের কয়েকজনের হাতে পিস্তল ও ছুরি ছিল। তাদের কথাবার্তা শুনে স্থানীয় বলে সন্দেহ হচ্ছে।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ডাকাতদের শনাক্ত ও আটকে পুলিশের একাধিক দল কাজ করছে।




