খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

খাগড়াছড়িতে জীবনরক্ষাকারী স্বাস্থ্যসেবা প্রকল্পের অভিজ্ঞতা পর্যালোচনা

খাগড়াছড়ি প্রতিনিধি:
পাহাড়ের দুর্গম জনপদে বসবাসরত প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জীবনরক্ষাকারী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।

 

 

শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি সদরের মিরনপুর হোটেল গাইরিংয়ের সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রামে বাস্তবায়িত জীবনরক্ষাকারী স্বাস্থ্যসেবাবিষয়ক প্রকল্পের জেলা পর্যায়ের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। জাবারাং কল্যাণ সমিতির আয়োজনে এবং হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

 

 

‘Access to Utilization of Lifesaving Services by Marginalized Communities in Chittagong Hill Tracts in Bangladesh’ শীর্ষক প্রকল্পের সমাপনী সভায় সভাপতিত্ব করেন জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা। প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্ষেত্র মোহন রোয়াজা।

 

 

জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম ডিরেক্টর বিনোদন ত্রিপুরার সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য রুমেল মারমা ও তাছলিমা সিরাজ সিমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য রক্তোৎপল ত্রিপুরা, খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রিপল বাপ্পী চাকমা এবং এনজিও সংস্থা আলো-এর নির্বাহী পরিচালক অরুণ কান্তি চাকমা। এ ছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

 

সভায় প্রকল্পের উদ্দেশ্য, বাস্তবায়িত কার্যক্রম ও অর্জন তুলে ধরা হয়। একই সঙ্গে দুর্গম পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবা গ্রহণের ক্ষেত্রে ভৌগোলিক প্রতিবন্ধকতা, স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার যথাযথ ব্যবহার নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

 

 

বক্তারা বলেন, শুধু স্বাস্থ্যসেবার সুযোগ সৃষ্টি করলেই হবে না, প্রান্তিক জনগোষ্ঠী যেন সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা ও জীবনরক্ষাকারী সেবা পায়, তা নিশ্চিত করতে হবে। এ জন্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।

 

 

প্রকল্পের অভিজ্ঞতা ও অর্জন কাজে লাগিয়ে পাহাড়ের প্রান্তিক মানুষের স্বাস্থ্য অধিকার সুরক্ষা এবং স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজ করতে সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।

Related Articles

Back to top button