পানছড়িতে নতুন ক্যাম্পাসে দারুল কুরআন নুরানী একাডেমি
পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
ধর্মীয় শিক্ষার প্রসার, নৈতিক মূল্যবোধের বিকাশ ও আদর্শ মানুষ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়ির পানছড়িতে দারুল কুরআন নুরানী একাডেমির নতুন ক্যাম্পাস উদ্বোধন করা হয়েছে। নতুন পরিবেশে শিক্ষা কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশায় আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার আদর্শ মুসলিম পাড়ায় একাডেমির নতুন ক্যাম্পাসে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে প্রতিষ্ঠানটির কার্যক্রম হাসপাতাল গেট এলাকায় পরিচালিত হতো। সেখান থেকে আদর্শ মুসলিম পাড়ায় নতুন ক্যাম্পাসে স্থানান্তর উপলক্ষে এ আয়োজন করা হয়।
একাডেমির পরিচালক হাফেজ মাওলানা নুর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি উলামা ঐক্য পরিষদের উপদেষ্টা মুফতি ইমাম উদ্দিন কাসেমী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাব্বির মাহমুদ রশীদী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল হোসেন, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি সাইদ আহমেদ, মধ্যনগর জামে মসজিদের খতিব মুফতি মহিউদ্দিন, বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাসান শরীফ, দারুস সুন্নাহ মডেল মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা হুজাইফা খান এবং শিক্ষক মাওলানা আরিফসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শিষ্টাচার ও মানবিক মূল্যবোধের চর্চা জরুরি। ইসলামী মূল্যবোধ ও যুগোপযোগী জ্ঞানের সমন্বয়ে শিক্ষার্থীদের সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের পাঠদানের পাশাপাশি অভিভাবকদের সচেতনতা ও সহযোগিতাও গুরুত্বপূর্ণ।
বক্তারা দারুল কুরআন নুরানী একাডেমির শিক্ষা কার্যক্রমের অগ্রগতি কামনা করেন এবং প্রতিষ্ঠানটির উন্নয়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে একাডেমির নতুন ক্যাম্পাসের উদ্বোধন উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে প্রতিষ্ঠানটির সার্বিক উন্নতি, শিক্ষার্থীদের সাফল্য এবং সবার কল্যাণ কামনা করা হয়।




