পানছড়িতে জামায়াত নেতাদের ওপর হামলা, প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি:
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ জাকির হোসেন ও উল্টাছড়ি ইউনিয়ন সভাপতি মোঃ মজনু মিয়ার ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। রবিবার (৩ মে) দুপুর আনুমানিক ১টার দিকে পানছড়ি বাজারের মুক্তিযোদ্ধা স্কয়ার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার আগে কয়েকজন ব্যক্তি লোহার পাইপ ও লাঠিসোঁটা নিয়ে এলাকায় অবস্থান করছিল। উপজেলা জামায়াতের আমির ঘটনাস্থলে পৌঁছালে তারা আকস্মিক হামলা চালিয়ে দ্রুত সরে পড়ে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত জামায়াত নেতা জাকির হোসেন অভিযোগ করেন, সকালে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মোঃ আল-আমিনের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এ সময় তাকে হুমকি দেওয়া হয়। পরে দুপুরে বাড়ি ফেরার পথে আল-আমিনের অনুসারী উজ্জ্বল ও আশরাফুলসহ ১০-১২ জন তার ওপর হামলা চালায় বলে তিনি দাবি করেন।
অপর আহত মজনু মিয়া জানান, বাজার থেকে ফেরার পথে ব্রিজপাড় এলাকায় একই ব্যক্তিরা তার ওপর হামলা চালায়।
তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা আল-আমিন বলেন, পার্কিং নিয়ে কথা কাটাকাটি হলেও তিনি পরে অন্যত্র চলে যান এবং হামলার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অনুতোষ চাকমা জানান, আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপরজনের অবস্থা বর্তমানে স্থিতিশীল।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, হামলার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোজাম্মেল হকের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।




