খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

খাগড়াছড়িতে জলবায়ু সহনশীলতা পরিকল্পনা বিষয়ক জনঅবহিতকরণ সভা ও মাঠ দিবস অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ে স্থানীয় জনগোষ্ঠীর চাহিদা ও জলবায়ু সহনশীল উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে স্থানীয় সহনশীলতা পরিকল্পনা (এলআরপি) বিষয়ক জনঅবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে রামগড় উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। উপজেলা পর্যায়ে জনগণের চাহিদা তুলে ধরা এবং জলবায়ু সহনশীল কার্যক্রমকে আরও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ আয়োজন করা হয়।

 

সভায় স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, অভিযোজন পরিকল্পনা প্রণয়ন এবং জনগণের প্রয়োজনভিত্তিক উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে উপজেলা পর্যায়ে জলবায়ু সহনশীল কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় পরিকল্পনাকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন ইউএনডিপির প্রতিনিধি অংক্যসেন মারমা, করলিয়া প্রকল্পের জেলা কর্মকর্তা নবলেশ্বর ত্রিপুরা লায়ন, টেকনিক্যাল অফিসার পরিচিতা খীসা, রামগড় উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিঞা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুবায়েত আহম্মদ, পাতাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওসমান গণি এবং রামগড় সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. রায়হানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

 

মতবিনিময় সভার আয়োজন করে “কমিউনিটি রেজিলিয়েন্স থ্রু লোকালি-লেড ইনক্লুসিভ অ্যাডাপটেশন (করলিয়া)” প্রকল্প। এতে সহযোগিতা প্রদান করে “ইকোসিস্টেমস রেস্টোরেশন অ্যান্ড রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট ইন সিএইচটি (ইআরআরডি-সিএইচটি), ইউএনডিপি”। কর্মসূচিটি কানাডা সরকারের অংশীদারিত্বে বাস্তবায়িত হচ্ছে।

 

সভা শেষে বিকেলে উপজেলার দারগাপাড়া ও আনন্দপাড়ায় মাঠ দিবস পালন করা হয়। মাঠ দিবসে জলবায়ু সহনশীল জীবিকাভিত্তিক কার্যক্রমের বিভিন্ন শিক্ষণীয় দিক তুলে ধরা হয়। পাশাপাশি প্রকল্পের সুবিধাভোগী পরিবারের সদস্যরা তাদের উৎপাদিত পণ্য, অভিজ্ঞতা ও সফলতার বিভিন্ন দিক উপস্থাপন করেন।

Related Articles

Back to top button