পানছড়িতে বিজিবির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

নিউজ ডেক্স:
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর লোগাং জোন।
বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) সকাল ১২টায় চেঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ তুলে দেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা)।
এ সময় তিনি বলেন, “দুর্গম পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে উৎসাহিত করতে বিজিবি নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও শিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থীদের সহায়তায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
চেঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপন কান্তি চাকমা বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য এ উপহার পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে।”
স্থানীয়রা জানান, পার্বত্য অঞ্চলের শিক্ষা ও সামাজিক উন্নয়নে বিজিবির এমন জনকল্যাণমূলক কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখছে এবং সাধারণ মানুষের মাঝে আস্থা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করছে।




