সীতাকুণ্ডে হামলা-ভাঙচুরের অভিযোগ বিএনপির

সীতাকুণ্ড প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপির একাংশ।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় সীতাকুণ্ড প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন অভিযোগ করেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনের প্রস্তুতিকালে তাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়। এ সময় ব্যানার-ফেস্টুন ভাঙচুর ও ছিঁড়ে ফেলার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে বলেও দাবি করেন তিনি।
কাজী সালাউদ্দিন বলেন, প্রশাসনের অনুমতি নিয়ে মুন স্টার কমিউনিটি সেন্টারে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। কিন্তু মঙ্গলবার সকালে সাবেক বিএনপির যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরীর অনুসারীরা এলকে সিদ্দিকী স্কয়ারে কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে তাঁদের নির্ধারিত স্থান দখল করেন। পরে হামলা চালিয়ে কয়েকজন নেতা-কর্মীকে আহত করা হয় বলে অভিযোগ করেন তিনি।
তিনি প্রশাসনের কাছে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মো. মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন দুলাল, কুমিরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনির, সাবেক সভাপতি সামসুদ্দৌহা, মুরাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আকবর হোসেন, চবি ছাত্রদলের সাবেক সভাপতি এম এ মিল্টনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।




