খাগড়াছড়িতে ছয় দলের অংশগ্রহণে প্রমীলা ফুটবল টুর্নামেন্ট শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি:
“নারীর ক্ষমতায়ন, খেলাধুলায় অগ্রযাত্রায়” প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে মাসব্যাপী প্রমীলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬ শুরু হয়েছে। বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ (বিটিজেকেএস) আয়োজিত এ টুর্নামেন্টে পার্বত্য চট্টগ্রামের ছয়টি নারী ফুটবল দল অংশ নিয়েছে।
উদ্বোধনী ম্যাচে খাগড়াছড়ির বিটিজেকেএস প্রমীলা ফুটবল একাডেমিকে ২-১ গোলে হারিয়েছে রাঙ্গামাটির সুইহলামং ফুটবল একাডেমি। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকা সুইহলামংয়ের বিপক্ষে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে স্বাগতিকরা। তবে শেষ মুহূর্তের গোলে জয় নিশ্চিত করে রাঙ্গামাটির দল।
টুর্নামেন্টে অংশ নিচ্ছে হিল ক্রাউন ফুটবল একাডেমি, পার্বত্য ফুটবল একাডেমি, খাগড়াছড়ি ফুটবল একাডেমি ও মাটিরাঙ্গা ফুটবল একাডেমিসহ মোট ছয়টি দল।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের কেন্দ্রীয় সভাপতি নবলেশ্বর ত্রিপুরা লায়ন। বক্তব্যে তিনি বলেন, নারী উন্নয়ন ও ক্রীড়ার বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। খেলাধুলা আত্মবিশ্বাস, নেতৃত্ব ও শৃঙ্খলা গড়ে তোলে।
বাফুফে কোচ তুহিন কুমার দে বলেন, পার্বত্য অঞ্চলে নারী ফুটবলের ব্যাপক সম্ভাবনা রয়েছে। নিয়মিত টুর্নামেন্ট আয়োজন হলে এখান থেকে জাতীয় পর্যায়ের আরও খেলোয়াড় তৈরি হবে।
আয়োজকরা জানান, কিশোরীদের মোবাইল আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলামুখী করে তুলতে প্রতিবছর এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। তাদের বিশ্বাস, এ আয়োজন পাহাড়ের মেয়েদের প্রতিভা বিকাশ ও জাতীয় পর্যায়ে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




