কক্সবাজারে ১,৯৩৮ আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক

কক্সবাজার:
কক্সবাজারে আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের সঙ্গে জড়িত সন্দেহে ছয় চীনা নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন, অন্তত ৩০টি ল্যাপটপ ও পুলিশের ওয়াকিটকির মতো বিশেষ যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) শহরের কলাতলী এলাকার হোটেল ‘সি-প্যালেস’ থেকে তাদের আটক করা হয়। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) অহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ কর্মকর্তা জানান, ঢাকার পুলিশের দেওয়া তথ্য এবং রামু থানায় করা একটি অভিযোগের সূত্র ধরে হোটেলটিতে অভিযান চালানো হয়। প্রাথমিক তদন্তে অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধের সঙ্গে অন্তত ২৫০ জন বিদেশি নাগরিকের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তারা কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করছেন। এ ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের একটি সূত্র জানায়, প্রায় ২০০ থেকে ৩০০ জন চীনা ও তাইওয়ানি নাগরিক কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দুটি হোটেল ভাড়া নিয়ে অবস্থান করে অনলাইনভিত্তিক বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। আটক ছয়জন ওই চক্রের সদস্য বলে ধারণা করছে পুলিশ।
হোটেল সি-প্যালেস কর্তৃপক্ষ জানায়, গত ২৬ আগস্ট চীনা নাগরিকদের একটি দল হোটেলটিতে ওঠে। বৃহস্পতিবার রাতে পুলিশের অভিযানের সময় তাদের কয়েকজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও উদ্ধার করা সরঞ্জাম যাচাই করে চক্রটির কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।




