খাগড়াছড়িতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

খাগড়াছড়ি প্রতিনিধি:
‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু আব্দুল্লাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, জেলা পরিষদ সদস্য এম এন আবছার, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রোকেয়া বেগম, কারিতাস বাংলাদেশের মাঠ কর্মকর্তা অল্টার ডায়াস, ভলান্টিয়ার রেখনা খীসাসহ প্রবীণ নারী-পুরুষেরা উপস্থিত ছিলেন।
আলোচনায় প্রবীণদের মর্যাদা, অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি বয়সজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় প্রবীণদের সুস্থ ও সম্মানজনক জীবনযাপনে পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।




