চট্টগ্রাম অঞ্চল

উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারী আটক

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার থেকে ইয়াবা পাচারের সময় দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের কাছ থেকে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ২০ লাখ টাকা।

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

 

বিজিবি অধিনায়ক জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পালংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী মিজানের চিংড়ি ঘের এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছিল। এ সময় মিয়ানমার থেকে পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় দুই ব্যক্তিকে সন্দেহ হলে বিজিবি সদস্যরা তাঁদের চ্যালেঞ্জ করেন। পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাঁদের আটক করা হয়।

 

আটক ব্যক্তিরা হলেন—উখিয়ার বালুখালী ৮ নম্বর ক্যাম্পের ব্লক-বি এলাকার মো. মোক্তার হোসেনের ছেলে মো. জোবায়ের (২০) এবং কুতুপালং ৭ নম্বর ক্যাম্পের ব্লক-ই এলাকার মো. ওলি হোসেনের ছেলে রহিম মোল্লা (২৮)।

 

পরে তাঁদের হাতে থাকা তিনটি পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১৪ কার্টনে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন বলে জানায় বিজিবি।

 

লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদক সরবরাহকারী ও চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

Related Articles

Back to top button