সৌরশক্তিচালিত পানির ট্যাংকে স্বস্তি ফিরল বিনাজুড়িপাড়ার শতাধিক পরিবারে

লক্ষ্মীছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা বিনাজুড়িপাড়ায় দীর্ঘদিনের পানির সংকট নিরসনে সৌরশক্তিচালিত পানির ট্যাংক স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন। এতে দীর্ঘদিন সুপেয় পানির সংকটে থাকা শতাধিক পরিবারের দুর্ভোগ কমেছে। সেনাবাহিনীর এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন পাড়াবাসী।
বিশেষ করে শুষ্ক মৌসুম ও শীতকালে পানির তীব্র সংকটে পড়া বিনাজুড়িপাড়ার বাসিন্দাদের দুর্ভোগ লাঘবকে চ্যালেঞ্জ হিসেবে নেয় সেনাবাহিনী। লক্ষ্মীছড়ি জোনের নির্দেশনায় বার্মাছড়ি আর্মি ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে মাত্র দুই সপ্তাহের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে সৌরশক্তিচালিত পানির ট্যাংকটির উদ্বোধন করেন লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম। এ সময় বার্মাছড়ি আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাহরিয়ার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুইসালা চৌধুরী, হেডম্যান, কারবারি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান সুইসালা চৌধুরী বলেন, বার্মাছড়ির বিনাজুড়িপাড়ার উঁচু পাহাড়ে বসবাসকারী শতাধিক পরিবারকে দীর্ঘদিন ধরে পাহাড়ের নিচের ছড়া, খাল ও গর্ত থেকে পানি সংগ্রহ করতে হতো। কলসিতে করে মাথায় পানি বহন করা ছিল অত্যন্ত কষ্টসাধ্য। বিশেষ করে শীতকালে ঝিরি-ছড়ার পানি শুকিয়ে গেলে দুর্ভোগ আরও বেড়ে যেত। সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগে পাড়ার শতাধিক পরিবারের দীর্ঘদিনের পানির কষ্ট অনেকটাই লাঘব হবে। এ জন্য তিনি সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম বলেন, পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও মৌলিক চাহিদা পূরণে সব ধরনের প্রতিকূলতা অতিক্রম করে বাংলাদেশ সেনাবাহিনী আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। জাতিগত বিভেদের ঊর্ধ্বে থেকে সেনাবাহিনী সবসময় নিঃস্বার্থ জনকল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিনাজুড়িপাড়ায় সৌরশক্তিচালিত পানির ট্যাংক স্থাপনের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের পানির সংকট কিছুটা হলেও লাঘব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় জনগণের পাশে থেকে সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




