খাগড়াছড়িতে নতুন বৌদ্ধ বিহার উদ্বোধন, কঠিন চীবর দানে উৎসব মুখর পরিবেশ

খাগড়াছড়ি প্রতিনিধি:
দান, শীল ও প্রার্থনার মধ্য দিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়িতে নবনির্মিত বৌদ্ধ বিহার উদ্বোধন ও দানোত্তম কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুদ্ধপূজা, সংঘদান, চীবর নিবেদন ও ধর্মীয় প্রার্থনায় মুখর হয়ে ওঠে বিহার প্রাঙ্গণ। এ আয়োজনে বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বী অংশ নেন।
বুধবার (১১ নভেম্বর) খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের আপ্রুসি চেয়ারম্যান পাড়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। লিটন ত্রিপুরা ও ম্রাচিং মারমার পরিবারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা।
সকাল থেকেই বিহার প্রাঙ্গণে ভক্ত ও পুণ্যার্থীদের সমাগম শুরু হয়। ধর্মীয় রীতি ও ঐতিহ্য অনুসরণ করে বুদ্ধপূজা, ভিক্ষুসংঘের উদ্দেশে সংঘদান, চীবর নিবেদন ও প্রার্থনাসহ বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করা হয়। পুরো আয়োজনজুড়ে বিরাজ করে শান্ত ও পুণ্যময় পরিবেশ।
অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য রুমেল মারমাসহ পরিষদের অন্যান্য সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, বৌদ্ধ ধর্মীয় গুরু, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নবনির্মিত বিহার উদ্বোধনের মধ্য দিয়ে আপ্রুসি চেয়ারম্যান পাড়া ও আশপাশের এলাকার বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনা, বুদ্ধের শিক্ষা চর্চা এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালনের জন্য নতুন একটি পরিসর তৈরি হলো। অন্যদিকে পারিবারিক উদ্যোগে আয়োজিত কঠিন চীবর দান উৎসবে বিভিন্ন এলাকার মানুষের অংশগ্রহণ ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনের পরিবেশ সৃষ্টি করে।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দান। এ উৎসব দানশীলতা, সংযম ও ভিক্ষুসংঘের প্রতি শ্রদ্ধা নিবেদনের প্রতীক হিসেবে বিবেচিত হয়। পাশাপাশি মৈত্রী, করুণা ও সহমর্মিতার চর্চায়ও এ উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে।
এদিকে আপ্রুসি চেয়ারম্যান পাড়ায় কঠিন চীবর দান অনুষ্ঠান শেষে জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা সফরসঙ্গীদের নিয়ে ছোটনালা জনকল্যাণ বৌদ্ধ বিহার পরিদর্শন করেন।
ধর্মীয় ভাবগাম্ভীর্য, দানশীলতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।




