খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

সরকারি-বেসরকারি সমন্বয় জোরদারে খাগড়াছড়িতে বহুপক্ষীয় সংলাপ

খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়িতে নাগরিক অংশগ্রহণ, সুশাসন ও উন্নয়ন কার্যক্রমে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে বহুপক্ষীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এতে নাগরিক সমাজের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় সংগঠন ও বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

 

 

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় জেলা সদরের মিলনপুর এলাকার হিলটপ গেস্ট হাউসে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

 

 

তৃণমূল উন্নয়ন সংস্থার ‘নাগরিকতা’ প্রকল্পের এম্পাওয়ারমেন্ট কার্যক্রমের আওতায় আয়োজিত এ সংলাপে সহযোগিতা করে সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন। নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ডের (সিইএফ) উদ্যোগে আয়োজিত সংলাপের মূল উদ্দেশ্য ছিল নাগরিক সমাজের সংগঠন (সিএসও), কমিউনিটি পর্যায়ের সংগঠন (সিবিও), সরকারি প্রতিষ্ঠান ও অন্যান্য অংশীজনের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো।

 

 

সংলাপে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুষ্মিতা খীসা, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রোকেয়া বেগম, ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের প্রতিনিধি জান্নাতুল নাঈমসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হেডম্যান-কারবারি এবং বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

 

 

আলোচনায় স্থানীয় উন্নয়ন পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা, সরকারি সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর যোগাযোগ গড়ে তোলার বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি তৃণমূল পর্যায়ের সংগঠনগুলোর সঙ্গে সরকারি দপ্তরের সমন্বয় বাড়ানো এবং উন্নয়ন কার্যক্রমে সাধারণ মানুষের অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণের ওপর আলোচনা হয়।

 

আয়োজকদের পক্ষে সংলাপের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন তৃণমূল উন্নয়ন সংস্থার নাগরিকতা এম্পাওয়ারমেন্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শাশ্বতী দেওয়ান।

Related Articles

Back to top button