সেনাসদস্য তিতাস হত্যা: টেকনাফে পৃথক তিন মামলা

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে সশস্ত্র মানব পাচারকারীদের গুলিতে বাংলাদেশ সেনা বাহিনীর সদস্য সৈনিক মো. তিতাস শেখ নিহতের ঘটনায় হত্যা, মানব পাচার ও অস্ত্র আইনে পৃথক তিনটি মামলা হয়েছে।এই ঘটনায় ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়েছে।
গত ৮ নভেম্বর রাতে টেকনাফ থানায় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মিনাজুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলাটি করেন। এতে ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৬ থেকে ১৭ জনকে আসামি করা হয়েছে। মামলাটির নম্বর ৩৪/৬৯৬।
অন্যদিকে, টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) সৈকত মজুমদার বাদী হয়ে মানব পাচার ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করেন। মানব পাচার মামলায় ৪১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে এবং অস্ত্র মামলায় ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৬ থেকে ১৭ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, যৌথ বাহিনীর অভিযানের সময় ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়। এ সময় দুটি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর বিকেল পাঁচটার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার দুর্গম পাহাড়ে এ ঘটনা ঘটে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী জানতে পারে, ওই এলাকার গহিন পাহাড়ে প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালিকে জিম্মি করে রেখেছে ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র মানব পাচারকারী দল। পরে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ আভিযানিক দল সেখানে অভিযান চালায়।
অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মানব পাচারকারীরা অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে সেনাসদস্য সৈনিক মো. তিতাস শেখ বাম কাঁধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাঁকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, রঙ্গীখালী এলাকার গহিন পাহাড়ে মানব পাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান চলাকালে সশস্ত্র গোষ্ঠীর গুলিতে সেনা সদস্য তিতাস শেখ নিহত হন। এ ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে হত্যা, মানব পাচার ও অস্ত্র আইনে পৃথক তিনটি মামলা করা হয়েছে। অভিযানে আটক ছয়জনকে আদালতে পাঠানো হয়েছে।




