পার্বত্য অঞ্চলবান্দরবান

বড়দিনের প্রস্তুতিতে দুর্গম থান্দুই পাড়ায় সেনাবাহিনীর মানবিক সহায়তা

থানচি,বান্দরবান প্রতিনিধি:
আসন্ন বড়দিন উদ্‌যাপনের প্রস্তুতি ও দুর্গম সীমান্ত এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বান্দরবানের থানচি ও রুমা উপজেলার সীমান্তবর্তী থান্দুই পাড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও মানবিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সম্প্রতি ভারত থেকে মিজোরাম হয়ে দেশে ফিরে আসা বম পরিবারসহ স্থানীয় বাসিন্দারা এ সহায়তা পেয়েছেন।

 

 

সোমবার (৯ নভেম্বর) দুপুরে থানচি-লিটক্রে সড়ক থেকে প্রায় ২২ কিলোমিটার দুর্গম পথ পেরিয়ে থান্দুই বম পাড়ায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।

 

 

সহায়তার অংশ হিসেবে স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়ের গির্জায় ২৫টি প্লাস্টিকের চেয়ার, একটি সৌরবিদ্যুৎ প্যানেল, একটি ব্যাটারি ও একটি সাউন্ড বক্স দেওয়া হয়। এ ছাড়া গ্রামের অর্ধশতাধিক অসহায়, বৃদ্ধ, নারী ও শিশুকে সেনাবাহিনীর চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়।

 

 

বান্দরবান রিজিয়নের ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে এবং বাকলাই পাড়া সাব-জোন ক্যাম্পের তত্ত্বাবধানে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়। এ সময় সাব-জোন ও রেজিমেন্টের উপ-অধিনায়ক মেজর মিরাজ আহমেদ ভূঁইয়া এবং ক্যাপ্টেন মো. খুরশেদ আলম উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন।

 

 

থান্দুই পাড়ার কারবারি চমখুব বম বলেন, সংকটময় সময়ে সেনাবাহিনীর এমন সহযোগিতা পেয়ে তাঁরা আনন্দিত ও কৃতজ্ঞ। বিশেষ করে ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতিতে গির্জার জন্য প্রয়োজনীয় সামগ্রী পেয়ে স্থানীয়রা উপকৃত হয়েছেন।

 

 

১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ-অধিনায়ক মেজর মিরাজ আহমেদ ভূঁইয়া বলেন, পার্বত্য চট্টগ্রামে সব জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তি বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর। পাহাড়ি জনগোষ্ঠীর কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button