মানিকছড়িতে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা, পুরস্কার পেলেন ২৮ শিক্ষার্থী

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির মানিকছড়িতে ১৬টি মাদরাসার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে ২৮ জন বিজয়ীর হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় মানিকছড়ি দারুসসুন্নাহ হাফিজিয়া মাদরাসায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, মানিকছড়ি উপজেলা শাখা এ প্রতিযোগিতার আয়োজন করে। বিকেল ৪টায় মাদরাসার অডিটোরিয়ামে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা ফজলুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ইমাম হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী মুহাম্মদ নাছির উদ্দিন। বিচারক ছিলেন সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় সহসভাপতি হাফেজ মাওলানা হাসান আলী।
বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি ক্বওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদের সভাপতি ক্বারী ওসমান গণি, সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন বিন সুরুজসহ বিভিন্ন মাদরাসার শিক্ষক ও পরিচালকরা।
আলোচনা সভা শেষে ২৮ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মানিকছড়ি দারুসসুন্নাহ হাফিজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা শামসুল হক।




