পানছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, চিকিৎসার সঙ্গে শিক্ষা উপকরণ ও চারা বিতরণ

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়িতে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই সঙ্গে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ এবং স্থানীয়দের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।
১৮ ইবি খাগড়াছড়ি জোনের ব্যবস্থাপনায় ও পানছড়ি সাবজোনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার চেঙ্গী ইউনিয়নের ছোট তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মেডিকেল ক্যাম্পে ১৮ ইবি খাগড়াছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান, পিএসসির উপস্থিতিতে ক্যাপ্টেন তানজিম ইসলাম অর্ণব, এএমসি (আরএমও, ১৮ ইবি)-এর নেতৃত্বে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। এ সময় প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।
মেডিকেল ক্যাম্প পরিদর্শনকালে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান ছোট তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে বিদ্যালয়ে অধ্যয়নরত কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করেন তিনি।
এ ছাড়া স্থানীয়দের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারাও বিতরণ করা হয়।
সেনাবাহিনীর এমন উদ্যোগে স্থানীয় উপজাতীয় দরিদ্র ও অসহায় মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা ও ক্রীড়া উপকরণ এবং স্থানীয়দের মধ্যে গাছের চারা বিতরণকে স্বাগত জানান।
স্থানীয়রা বলেন, দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা ও ক্রীড়ায় উৎসাহিত করা এবং পরিবেশ রক্ষায় গাছের চারা বিতরণের এ ধরনের উদ্যোগ জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।




