খাগড়াছড়িতে টেকসই জীবিকা নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ

খাগড়াছড়ি প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রামে সহনশীল ও টেকসই জীবিকা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে খাগড়াছড়িতে পিআরএলসি প্রকল্পের লার্নিং শেয়ারিং কর্মশালা ও জেলা পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি পর্যটন মোটেলের সম্মেলন কক্ষে তৃণমূল উন্নয়ন সংস্থা-আলোর আয়োজনে এ সভা হয়। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত সভায় প্রকল্পের অগ্রগতি, অর্জন ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী বলেন, প্রকল্পের আওতাভুক্ত দরিদ্র ও পিছিয়ে থাকা মানুষের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে হবে। কৃষি, জীবিকা উন্নয়ন ও সামাজিক সুরক্ষা কার্যক্রমের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা জানান, প্রকল্পের আওতায় লক্ষ্মীছড়ি ও গুইমারার মোট ৪ হাজার ৬১৮টি পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকল্পের মূল কার্যক্রমের মধ্যে রয়েছে কৃষি ও জীবিকা উন্নয়ন, পুষ্টি, সামাজিক সুরক্ষা এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস।




