
খাগড়াছড়ি প্রতিনিধি:
রাঙামাটির সাজেকের মাজলঙ নোয়াপাড়া এলাকায় তৃতীয় শ্রেণির এক ছাত্রী গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে খাগড়াছড়ির গুইমারায় বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে গুইমারা সদরে পিসিপির উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন পিসিপির গুইমারা শাখার সভাপতি নিকেল চাকমা ও খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি তৃষ্ণাঙ্কর চাকমা।
বক্তারা অভিযোগ করেন, মাজলঙ নোয়াপাড়া এলাকায় সশস্ত্র ব্যক্তিদের গুলিতে শিশুটি আহত হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
সমাবেশে পাহাড়ে সশস্ত্র তৎপরতা বন্ধ এবং কথিত মদদদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়। পরে কয়েকটি কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষোভকারীরা।




