খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

খাগড়াছড়িতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি:
‘ডিজিটাল যুগে তথ্যের বিশ্বাসযোগ্যতা বজায় রাখা: তথ্য মোকাবেলায় তথ্য অধিকারের ভূমিকা’ প্রতিপাদ্যে খাগড়াছড়িতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।

 

সোমবার সকালে তৃণমূল উন্নয়ন সংস্থার এম্পাওয়ারমেন্ট প্রকল্পের আয়োজনে এবং নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ডের (সিইএফ) সহযোগিতায় সদর উপজেলা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

তৃণমূল উন্নয়ন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার ধনেশ্বর দেওয়ানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা।

 

সভায় বক্তারা বলেন, তথ্য অধিকার নাগরিকের ক্ষমতায়ন এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার গুরুত্বপূর্ণ মাধ্যম। সরকারি অর্থের ব্যবহার, নাগরিক সেবা ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে আইনসম্মত তথ্য পাওয়ার সুযোগ জনগণকে সচেতন ও দায়িত্বশীল করে।

 

তাঁরা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ডিজিটাল প্ল্যাটফর্মে তথ্য দ্রুত ছড়িয়ে পড়ায় ভুল ও বিভ্রান্তিকর তথ্যও সহজে ছড়িয়ে পড়ছে। এ পরিস্থিতিতে নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য সংগ্রহ ও যাচাইয়ের পাশাপাশি তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ জরুরি। এর মাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় জনসচেতনতা বাড়ানো সম্ভব।

 

আলোচনায় নাগরিকদের তথ্য অধিকার আইন সম্পর্কে জানার এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কাছে প্রয়োজনীয় তথ্য আইনসম্মতভাবে চাওয়ার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে তথ্য প্রকাশ ও সরবরাহে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

 

সভায় পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা, তৃণমূল উন্নয়ন সংস্থার এম্পাওয়ারমেন্ট প্রকল্পের সিনিয়র প্রকল্প কর্মকর্তা পল ত্রিপুরাসহ ইয়ুথ গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button