খাগড়াছড়িতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে জেলা অ্যাডভোকেসি সভা
খাগড়াছড়ি প্রতিনিধি:
খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর উদ্যোগ গ্রহণে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের ভূমিকা নিয়ে খাগড়াছড়িতে জেলা অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের যৌথ উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা তৈরি, সংশ্লিষ্টদের সম্পৃক্ততা এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মোঃ শফিকুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফএসএর সদস্য (খাদ্য শিল্প ও উৎপাদন), যুগ্মসচিব পদমর্যাদার অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব, খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ মোরতেজা আলী খান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কনসালট্যান্ট মুশতাক হাসান মুহঃ ইফতিখার এবং জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. রতন খীসা।
এ ছাড়া সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা খোলা অবস্থায় ভোজ্যতেল বিক্রির ক্ষেত্রে খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্যের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। একই সঙ্গে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে প্রশাসন, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও সাধারণ মানুষের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।




