খাগড়াছড়িপার্বত্য অঞ্চলশিক্ষা / চিকিৎসা

দুর্গম পাহাড়ের ৬১ চোখে নতুন আলো ফেরালো সেনাবাহিনী

খাগড়াছড়ি প্রতিনিধি:

পার্বত্য খাগড়াছড়ির দুর্গম ও প্রত্যন্ত এলাকার ৬১ জন ছানি রোগীর চোখে অস্ত্রোপচারের মাধ্যমে নতুন আলো ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ি জোনের ব্যবস্থাপনায় চট্টগ্রাম লায়ন্স হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে এসব রোগীর ছানি অপারেশন সম্পন্ন হয়েছে।

 

খাগড়াছড়ি সদর সেনাজোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন তানজিম ইসলাম অর্ণব জানান, গত ১৪ সেপ্টেম্বর খাগড়াছড়ি থেকে মোট ৮৪ জন ছানি রোগীকে অস্ত্রোপচারের জন্য চট্টগ্রাম লায়ন্স হাসপাতালে পাঠানো হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মধ্যে ৬১ জনের সফলভাবে অপারেশন সম্পন্ন হয়েছে।

 

বাকি ২৩ জনের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগসহ বিভিন্ন শারীরিক জটিলতা থাকায় তাৎক্ষণিকভাবে অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়েছে। শারীরিকভাবে উপযুক্ত হলে পরবর্তী সময়ে তাদেরও বিনামূল্যে ছানি অপারেশনের সুযোগ থাকবে। পাশাপাশি মোট ১৫০ জন রোগীকে অপারেশনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

 

অপারেশনের পর বুধবার রোগীদের চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। পরে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ৮৪ জন রোগীকে নিরাপদে খাগড়াছড়িতে ফিরিয়ে আনা হয়।

 

চিকিৎসাসেবা পাওয়া রোগী ও স্বজনরা জানান, দুর্গম এলাকায় বসবাসের কারণে চট্টগ্রামে গিয়ে চোখের চিকিৎসা নেওয়া অনেকের পক্ষেই সম্ভব ছিল না। সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা, যাতায়াত ও প্রয়োজনীয় সহযোগিতা পাওয়ায় তারা উন্নত চিকিৎসার সুযোগ পেয়েছেন।

পার্বত্য এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

Related Articles

Back to top button