মোমবাতি প্রজ্বালন-সাংস্কৃতিক আয়োজনে খাগড়াছড়িতে বিটিকেএসের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী

খাগড়াছড়ি প্রতিনিধি:
মোমবাতি প্রজ্বালন, আলোচনা সভা, কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে খাগড়াছড়িতে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের (বিটিকেএস) ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শুক্রবার বিকেলে খাগড়াছড়ি সদরের মিলনপুরে বিটিকেএস কেন্দ্রীয় কার্যালয়ে মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কমল বিকাশ ত্রিপুরা। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।
আলোচনায় বক্তারা বলেন, দীর্ঘ ৬১ বছর ধরে ত্রিপুরা জনগোষ্ঠীর সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাক্ষেত্রে কল্যাণে কাজ করে আসছে বিটিকেএস। ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মকে নিজেদের শিকড়ের সঙ্গে সম্পৃক্ত রাখতে সংগঠনের কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, সাবেক সংসদ সদস্য ও বিটিকেএসের সাবেক সভাপতি যতীন্দ্র লাল ত্রিপুরা, উপদেষ্টা ক্ষেত্রমোহন রোয়াজা ও বীর মুক্তিযোদ্ধা হেমদা রঞ্জন ত্রিপুরা সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা শেষে অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। পরে ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য, গানসহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে আয়োজনস্থল। উৎসবের আমেজে সংগঠনের ৬১ বছরের পথচলা স্মরণ করেন নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা।




