শহীদ জুনান-রুবেলের স্মরণে স্মৃতিফলক উন্মোচন

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতে শহীদ জুনান চাকমা ও রুবেল ত্রিপুরার স্মরণে স্মৃতিফলক উন্মোচন ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) শহীদস্থলে এ কর্মসূচির আয়োজন করে শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদ, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখা।
‘
জনগণের জন্য যারা জীবন দেন, তারা অমর’ স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে স্মৃতিফলক উন্মোচন করেন শহীদ জুনান চাকমা ও শহীদ রুবেল ত্রিপুরার মায়েরা এবং মুখোশ প্রতিরোধে নিহত অমর বিকাশ চাকমার বাবা।
পিসিপির খাগড়াছড়ি জেলা শাখার শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক তৈমাং ত্রিপুরার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদের আহ্বায়ক রূপসা চাকমা। বক্তব্য দেন রুবেল ত্রিপুরার মা, হিল উইমেন্স ফেডারেশনের জেলা আহ্বায়ক এন্টি চাকমা ও পিসিপির জেলা সাধারণ সম্পাদক প্রাঞ্জল চাকমা।
বক্তারা ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর রাতে জুনান চাকমা ও রুবেল ত্রিপুরা নিহত হওয়ার ঘটনার বিচার দাবি করেন। প্রাঞ্জল চাকমা অভিযোগ করেন, দুই বছর পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার বা বিচার হয়নি। তিনি দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
এন্টি চাকমা বলেন, ২০২৪ সালের ১৯-২০ সেপ্টেম্বরের হামলার তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হলেও তা বাস্তবায়ন হয়নি।
শহীদ জুনান চাকমার মা রূপসা চাকমা বলেন, ছেলে হত্যার বিচার না পাওয়ার কষ্ট একজন মা-ই সবচেয়ে ভালো বোঝেন। তিনি দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।
অনুষ্ঠানে শহীদ জুনান ও রুবেল ত্রিপুরা সহ গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরণে দুই মিনিট নীরবতা পালন করা হয়। পরে বিকেল ৬টায় তাদের স্মরণে গণপ্রদীপ প্রজ্বালন করা হয়।




