চট্টগ্রাম অঞ্চল

তৈলারদ্বীপ সেতুতে টোল আদায়ে হাইকোর্টের স্থিতাবস্থা

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগপথ তৈলারদ্বীপ সেতুতে নতুন করে টোল আদায়ের উদ্যোগ আপাতত থমকে গেছে। টোল আদায় ও এ-সংক্রান্ত দরপত্র কার্যক্রমে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

 

গত ১৫ সেপ্টেম্বর বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন।

 

 

আদালত টোল আদায়ের জন্য জারি করা বিজ্ঞপ্তির বৈধতা নিয়ে রুল জারি করেছেন। একই সঙ্গে ওই বিজ্ঞপ্তির আওতায় নতুন দরপত্র গ্রহণ বা খোলা, অনুমোদন, ইজারাদার নিয়োগ ও ইজারা চুক্তি সম্পাদনের ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

 

সাঙ্গু নদীর ওপর নির্মিত তৈলারদ্বীপ সেতুটি আনোয়ারা ও বাঁশখালীকে সংযুক্ত করেছে। দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ এ সেতু দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও যানবাহন চলাচল করে।

 

 

রিটকারী বাঁশখালীর সমাজকর্মী মুহাম্মদ নিজাম উদ্দিন জানান, গত ৬ সেপ্টেম্বর চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে চার বছরের জন্য সেতুটিতে টোল আদায়ের দরপত্র আহ্বান করা হয়। জনস্বার্থে তিনি এ উদ্যোগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন।

 

 

তিনি বলেন, টোল আরোপ করা হলে সাধারণ মানুষ ও পরিবহন খাতে প্রভাব পড়তে পারে। আদালতের নির্দেশনার বিষয়টি সড়ক বিভাগের প্রধান প্রকৌশলীকে জানানো হয়েছে।

 

 

তবে আদালতের নির্দেশনার আনুষ্ঠানিক কপি এখনো পাননি বলে জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা। তিনি বলেন, নির্দেশনা পেলে তা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

আদালতের এ নির্দেশনার ফলে পরবর্তী আদেশ না আসা পর্যন্ত তৈলারদ্বীপ সেতুতে নতুন করে টোল আদায়ের দরপত্র-সংক্রান্ত কার্যক্রম এগিয়ে নেওয়া যাচ্ছে না।

Related Articles

Back to top button