রামগড়ে শিশু ধর্ষণ মামলায় চা-দোকানির মৃত্যুদণ্ড

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ে সাত বছর বয়সী এক মাদ্রাসা পড়ুয়া শিশুকে ধর্ষণের দায়ে মো. শাহিন (৫৩) নামে এক চা-দোকানিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (৬ জুলাই) দুপুরে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শায়লা শারমিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ২৫ জুলাই রামগড় এলাকায় দ্বিতীয় শ্রেণির এক মাদ্রাসাশিক্ষার্থীকে খাবারের প্রলোভন দেখিয়ে নিজের দোকানে নিয়ে গিয়ে ধর্ষণ করেন মো. শাহিন। ঘটনার পর ভুক্তভোগীর পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।
রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) সৃজনী ত্রিপুরা বলেন, মাত্র এক বছরের মধ্যে মামলার বিচার সম্পন্ন হওয়ায় তারা সন্তুষ্ট। তার ভাষ্য, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি সমাজে অপরাধীদের জন্য কঠোর বার্তা গেছে।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী বেদারুল ইসলাম জানান, নিম্ন আদালতের এ রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।




