নতুন কুঁড়ি স্পোর্টস ক্রিকেটে জমজমাট সেমিফাইনাল, ফাইনালে পৌরসভা-সদর-রামগড়

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতে উৎসব মুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ ক্রিকেট টুর্নামেন্টের বালক ও বালিকা বিভাগের সেমিফাইনাল ম্যাচ। ক্ষুদে ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা এবং দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে খাগড়াছড়ি ঐতিহাসিক স্টেডিয়াম মাঠ।
শনিবার (০৯ মে) সকাল সাড়ে ৮টা থেকে দিনব্যাপী আয়োজিত এ খেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ও প্রতিভাবান খেলোয়াড়রা অংশ নেয়। মাঠ জুড়ে ছিল উৎসবের আমেজ। খেলোয়াড়দের চমৎকার ব্যাটিং, নিয়ন্ত্রিত বোলিং ও দৃষ্টি নন্দন ফিল্ডিং দর্শকদের মুগ্ধ করে।
বালক বিভাগের প্রথম সেমিফাইনালে দীঘিনালা উপজেলা বালক দলকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে খাগড়াছড়ি পৌরসভা বালক দল। দ্বিতীয় সেমিফাইনালে পানছড়ি উপজেলা বালক দলকে ৯৮ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে ফাইনালে ওঠে খাগড়াছড়ি সদর উপজেলা বালক দল।
অন্যদিকে বালিকা বিভাগের ম্যাচেও ছিল চরম উত্তেজনা। মহালছড়ি উপজেলা বালিকা দলকে ১১ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় খাগড়াছড়ি পৌরসভা বালিকা দল। অপর সেমিফাইনালে লক্ষীছড়ি উপজেলা বালিকা দলকে ৮ উইকেটের ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে রামগড় উপজেলা বালিকা দল।
সেমিফাইনাল ঘিরে খেলোয়াড়, অভিভাবক ও ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। নতুন প্রজন্মের ক্রিকেটারদের প্রতিভা, আত্মবিশ্বাস ও খেলোয়াড়সুলভ মনোভাব ভবিষ্যৎ ক্রীড়াঙ্গনের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক বলে মন্তব্য করেন উপস্থিত ক্রীড়া সংগঠকেরা।
এদিন টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন-অর-রশিদ, ক্রীড়া সংগঠক মো. নজরুল ইসলাম, জেলা ক্রিকেট কোচ মুজাহিদ চৌধুরী, ক্রীড়া সংগঠক আনিসুল আলম আনিকসহ অন্যান্য ক্রীড়া সংগঠকরা।
জমজমাট সেমিফাইনাল শেষে এখন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ঘিরে ক্রীড়া প্রেমীদের মধ্যে বাড়ছে ব্যাপক আগ্রহ ও উন্মাদনা।




