খাগড়াছড়িতে বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন, ‘একটি গাছ লাগান, পরিচর্যাও করুন’

খাগড়াছড়ি প্রতিনিধি:
‘বৃক্ষরোপণে সাজাই দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবাইকে অন্তত একটি করে গাছ লাগিয়ে পরিচর্যার আহ্বান জানিয়েছেন বক্তারা।
বুধবার (২৩ জুলাই) খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিঞা। এতে আরও বক্তব্য দেন খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, পরিবেশপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি তার যথাযথ পরিচর্যারও আহ্বান জানান তারা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বৃক্ষমেলা পরিদর্শন করেন। মেলায় বনজ, ফলজ, ঔষধি ও শোভাবর্ধনকারী বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।




