পার্বত্য অঞ্চলবান্দরবান

থানচিতে পর্যটকদের নিরাপত্তা জোরদার সহ উন্নয়ন কার্যক্রম নিয়ে সমন্বয় সভা

থানচি (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের থানচি উপজেলায় পর্যটকদের সার্বিক নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন সরকারি দপ্তরের উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় আইনশৃঙ্খলা ও মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল।

 

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পর্যটকদের নিরাপত্তা, রাতের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়ন এবং সরকারি উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

 

সভায় উপজেলার পর্যটন এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার, রাতে চলাচল নিরাপদ করতে সিকিউরিটি লাইট স্থাপন এবং সৌরবিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সরকারি কৃষিজমি অবৈধ দখলমুক্ত রাখা, থানচি মডেল মসজিদের কার্যক্রম এবং টিএনটি পাড়া মসজিদে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে বরাদ্দ করা অর্থের ছাড়পত্র-সংক্রান্ত জটিলতা নিরসন নিয়ে আলোচনা করা হয়।

 

 

এ ছাড়া উপজেলা পরিষদের অধীন বিভিন্ন সরকারি দপ্তরের উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতামত তুলে ধরেন অংশগ্রহণকারীরা।

 

 

সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শরীফুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী মো. আবু হানিফ, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মো. হেলাল উদ্দিন এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মসফিকুর রহমান।

 

 

এ সময় থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতিনিধি উপপরিদর্শক (এসআই) বাসুদেব, বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মো. হারুন অর রশিদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রহিদুর রহমান মৃধা এবং থানচি প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

 

সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করা এবং সরকারি উন্নয়ন কার্যক্রমের সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

Related Articles

Back to top button