মাদকমুক্ত বাঘড়া চাই’ টুর্নামেন্টের ট্রফি বাসুদেব বাড়ি একাদশের ঘরে

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নে অনুষ্ঠিত বাঘড়া যুব সমাজ শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬-এর গ্র্যান্ড ফাইনালে বাঘড়া আম বাগান একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাসুদেব বাড়ি একাদশ।
বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে বাঘড়া বাসুদেব বাড়ি মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ম্যাচসেরা নির্বাচিত হন আমিনুল ইসলাম শামিম।
‘মাদকমুক্ত বাঘড়া চাই’ স্লোগানে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনালকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। চ্যাম্পিয়ন দলকে একটি রেফ্রিজারেটর এবং রানারআপ দলকে একটি এলইডি টেলিভিশন পুরস্কার হিসেবে প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আল নাসের তানজিল। তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. আব্দুস সালাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোল্লা ইয়ার আলী, সাংবাদিক অধীর রাজবংশী, সমাজসেবক আনোয়ার হোসেন তোতা, বিএনপি নেতা জালাল আহমেদ ও ইউপি সদস্য তাসলিমা বেগম। সভাপতিত্ব করেন ইউপি সদস্য মো. নুরুজ্জামান।
আয়োজকরা জানান, যুবসমাজের মধ্যে খেলাধুলার চর্চা বৃদ্ধি, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।




